দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জীবিকার সন্ধানে সৌদি আরবে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো লক্ষ্মীপুরের দুই সহোদর ভাই সজীব ও সুজনের মরদেহ দেশে পৌঁছেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের খলিফার বাড়ির বাসিন্দা আব্দুল মালেকের দুই ছেলে সজীব ও সুজন। বড় ভাই সজীব দীর্ঘদিন ধরে সৌদি আরবের দাম্মামে খেজুরের ব্যবসা করতেন। চলতি বছরের শুরুতে ছোট ভাই সুজনকে কাজের সহযোগিতার জন্য সৌদি আরবে নিয়ে যান তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই দিবাগত রাতে খেজুরবোঝাই একটি পিকআপে করে বাগান থেকে ফেরার পথে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন।
আইনি প্রক্রিয়া শেষে সোমবার (২৭ জুলাই) রাতে তাদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। শেষবারের মতো তাদের দেখতে শত শত মানুষ ভিড় করেন।
মঙ্গলবার সকাল ১০টায় চন্দ্রগঞ্জ উপজেলার গনিপুর গ্রামের নিজ বাড়ি-সংলগ্ন কামারহাট মসজিদ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় দুই ভাইকে। জানাজায় আত্মীয়স্বজন, এলাকাবাসী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
নিহত সজীবের স্ত্রী ও দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে। পরিবারের প্রধান দুই উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
স্থানীয়দের ভাষ্য, সজীব ও সুজন ছিলেন ভদ্র, পরিশ্রমী ও সবার প্রিয়। তাদের অকাল মৃত্যুতে শুধু পরিবার নয়, পুরো গনিপুর গ্রামেই শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও এলাকাবাসী তাদের রুহের মাগফিরাত কামনা করেছেন।
এমএস/